একগুচ্ছ অণু পঙক্তি - রফিকুল ইসলাম আধার
একগুচ্ছ অণু পঙক্তি  - রফিকুল ইসলাম আধার

এক)

মৃত কাঠেও ফেরে বসন্তের জ্যামিতি,

প্রস্তরখÐ চিরে জেগে ওঠে আদিম কুসুম

অথচ, এক অদ্ভুত মরীচিকায় মানুষ হারায়

প্রেমের ব্যাকরণ

নিয়তি কি তবে এক অন্ধ লিপিকার?

 

দুই)

নখর আড়ালে রাখো হে ব্যাঘ্রললনা,

রক্তে তোমার কিসের এই অগ্নি-উৎসব?

তোমার ওই তীব্র প্রসারণের সমান্তরালে

আমি এক বিপন্ন, রক্তাক্ত চিতা;

সীমান্তরেখায় নতজানু

 

তিন)

তুমি যাকে সংসারের অবিরাম ঘূর্ণাবর্ত ভাবো,

আমি তা মানি না

তুমি তো নিজেকেই হারিয়েছ কোনো এক

বিস্মৃতির অতলে

যেখানে তোমার সমস্ত শূন্যতা জুড়ে

কেবলই আমার একচ্ছত্র অধিপত্য

 

চার)

সব জট খোলার তাড়া থাকতে নেই;

কিছু উত্তর সময়ের গর্ভেই পরিপক্ব হোক

মহাকালের ধুলো জমলে তবেই

চেনা যায়

কোনটি মরীচিকা, আর কোনটি ধ্রæবতারা

 

পাঁচ)

আয়নার সামনে দাঁড়ালেই আমি আজ

এক জটিল ইশতিহার

অথচ এই প্রশ্ন ছুঁড়ে দেওয়ার মতো

কোনো উপত্যকা নেই;

চারপাশের সবাই তো নিজেদের

ক্ষুদ্র বৃত্তে অবরুদ্ধ,

আত্মমগ্নতার ঘুণপোকা

 

 

 


সাবস্ক্রাইব করুন! মেইল দ্বারা নিউজ আপডেট পান