মোহাম্মদ মহিবুর রহমান এর কবিতা
ভ্রান্তি বিলাস
ভালোবাসতে চাইনি, জানি তা হবার নয়
তবু তুমি উৎসাহ দিলে প্রতিক্ষণ নির্ভয়|
জানি, জলে-তেলে হয়না কোনো মিলন
বুকে শুধু কষ্টেরই লালন|
বাস্তববাদী হয়েও স্বপ্নে ডুবে যাই
কল্পিত স্বর্গ সুখে নিজেকে খুঁজে পাই|
কেন তবে জীবনে এই ভ্রান্তি বিলাস
সাদামাটা জীবনে কেন নয় তার বাস?
মরীচিকার পিছু ছুটে হই আমি দিশেহারা
জীবন তো নয় শুধু ফুলে সাজানো ধারা|
অমাবস্যার আঁধারে ডুবে থাকে মন
নেই কোনো আলোর পথ, নেই নতুন স্বপন|
মনে রয়ে যায় এক নীরব কষ্ট
মনে হয় কল্পনার জগতে আমি পথভ্রষ্ট|
